নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফা-এর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া গিরিপথ পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, এমপি মাছুম মোস্তাফা ওই পেট্রোল পাম্পে তেল নিতে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উপজেলা জামায়াতের নেতাদের দাবি, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এই হামলা চালায়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করে।এ বিষয়ে এমপি মাছুম মোস্তাফা মুঠোফোনে জানান, “বিএনপির কয়েকজন হঠাৎ হামলা চালিয়ে প্রথমে আমার গাড়ি ভাঙচুর করে। পরে আমার ওপরও আক্রমণ করে। বিষয়টি প্রশাসনকে জানালে তারা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।”
ঘটনার পরপরই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে। এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।